পিরোজপুর প্রতিনিধি: “লেনদেন হবে ক্যাশলেস—এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের নিয়ে ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সেমিনার কক্ষে দুই দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শাহাবুদ্দিন সিকদার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সমরজিৎ হাওলাদার।
সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিরোজপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ জাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের অপারেশন ম্যানেজার উৎপল কুমার কবিরাজ, পূবালী ব্যাংকের এডিসি সুমন কৃষ্ণ হালদার এবং জুনিয়র অফিসার অনিক রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে পূবালী ব্যাংক পিএলসি। বর্তমান সময়ে ক্যাশলেস লেনদেন শুধু আধুনিক অর্থনীতির অংশ নয়, বরং একটি নিরাপদ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর সমাজ গঠনের অন্যতম মাধ্যম। বক্তারা স্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ক্যাশলেস সোসাইটি গঠনের মাধ্যমে দুর্নীতি ও জাল টাকার ব্যবহার কমানো সম্ভব হবে। একই সঙ্গে আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আসবে। বর্তমানে মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড, বাংলা QR, মোবাইল অ্যাপ ব্যাংকিং ও অনলাইন ফান্ড ট্রান্সফারের মতো ডিজিটাল সেবা মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করে তুলেছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিজিটাল ব্যাংকিং ব্যবহারের বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। এছাড়া সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ প্রদান করা হয়। বক্তারা বলেন, ছোট ছোট লেনদেনেও ডিজিটাল পেমেন্ট ব্যবহারে অভ্যস্ত হতে হবে। এ সময় ক্যাশলেস সোসাইটির গুরুত্ব, ডিজিটাল লেনদেনের সুবিধা এবং স্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা।




