স্টাফ রিপোর্টার:
পিরোজপুরের নাজিরপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন বৈদ্যুতিক পাখা ভেঙে পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ৮১ নম্বর জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো- জয়পুর গ্রামের সঞ্জীব সমাদ্দারের ছেলে সৌভিক সমাদ্দার (১১) এবং একই এলাকার রেজাউল মাঝির মেয়ে রাবেয়া খাতুন (১১)। জানা গেছে, ঘটনার সময় প্রায় ২৫ জন শিক্ষার্থী বিদ্যালয়ের একটি পুরোনো ভবনের তৃতীয় শ্রেণির কক্ষে গণিত ক্লাস করছিল। হঠাৎ করে শ্রেণিকক্ষের একটি চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়ে সৌভিক সমাদ্দারের মাথায় আঘাত হানে। এ সময় পাখার একটি অংশ রাবেয়া খাতুনের মাথায় পড়ে সেও আহত হয়। অন্যান্য কয়েকজন শিক্ষার্থী সামান্য আহত হলেও তারা আশঙ্কামুক্ত রয়েছে। আহতদের তাৎক্ষণিকভাবে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। রাবেয়া খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, সৌভিক সমাদ্দারের মাথায় গুরুতর আঘাত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সময় শ্রেণিতে পাঠদানরত সহকারী শিক্ষিকা রিক্তা মন্ডল জানান, তিনি শিক্ষার্থীদের অংক করতে দিয়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তাকিয়ে দেখেন পাখাটি খুলে শিক্ষার্থীদের ওপর পড়ে গেছে। পরে দ্রুত আহতদের হাসপাতালে নেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্নিগ্ধা রানী মন্ডল বলেন, দুর্ঘটনাটি যে ভবনে ঘটেছে সেটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থী সংখ্যা বেশি হওয়ায় ওই ভবনেও ক্লাস নেওয়া হচ্ছিল। ঘটনার সময় তিনি লাইব্রেরিতে একটি সভায় ছিলেন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অতনু হালদার জানান, দুই শিক্ষার্থীকে আনা হয়েছিল। এর মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। অপর শিক্ষার্থীর অবস্থা স্থিতিশীল।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাকিম বলেন, ঘটনাটি জানা গেছে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, জরাজীর্ণ ভবনগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং তদন্ত করে প্রতিবেদন পাঠানো হবে।




