শুভংকর দাস বাচ্চু, কচুয়া (বাগেরহাট)॥
কচুয়ার শাখারীকাঠী স্মৃতিসৌধ সংলগ্ন এলাকা থেকে দৈবজ্ঞহাটি যাওয়ার গুরুত্বপূর্ণ কাঠের পুল ভেঙে পড়ায় স্থানীয় জনসাধারণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পুলটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
কচুয়া উপজেলা বাধাল ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই পুলটি ছিল এলাকার মানুষের একমাত্র ভরসা। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ শত শত মানুষ এই পথ ব্যবহার করতেন। বর্তমানে পুলের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, ফলে জীবনের ঝুঁকি নিয়েই মানুষকে চলাচল করতে হচ্ছে।
এদিকে, এলাকার কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না, যা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
স্থানীয়দের দাবি, দ্রুত পুলটি সংস্কার অথবা নতুন করে নির্মাণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।




