নাজিরপুর প্রতিনিধি :
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকালে মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এ গণশুনানির আয়োজন করা হয়।
মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে চলমান পিরোজপুর জেলার তিনটি উপজেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্প এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন নগর উন্নয়ন অধিদপ্তরের নগর পরিকল্পনাবিদ শুভাশিস গোস্বামী।
গণশুনানিতে মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্য ও সদস্যাগণ, প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পেশাজীবী প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। এছাড়া নগর উন্নয়ন অধিদপ্তর, পিরোজপুর প্রকল্প টিমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জিআইএস স্পেশালিস্ট মির্জা জাদিদ হাসান এবং জুনিয়র জিআইএস স্পেশালিস্ট নাহিদুল ইসলাম প্রমুখ।

গণশুনানিতে বক্তারা জানান, মাটিভাঙ্গা ইউনিয়নের আগামী ২০ বছরের টেকসই ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে জনগণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে ইউনিয়নের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদা চিহ্নিত করতেই এ গণশুনানির আয়োজন করা হয়েছে।
আলোচনায় অংশগ্রহণকারীরা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাইক্লোন শেল্টার নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও মানোন্নয়ন, গণশৌচাগার নির্মাণ, স্থানীয় হাট-বাজার উন্নয়ন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বাস্তবসম্মত প্রস্তাব উপস্থাপন করেন।
গণশুনানিতে উপস্থিত শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণ লিখিতভাবে তাঁদের মতামত ও প্রস্তাব জমা দেন। আয়োজকরা জানান, এসব প্রস্তাব পর্যালোচনা করে ইউনিয়নের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম বলেন, “মাটিভাঙ্গা ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও দুর্যোগসহনশীল ইউনিয়নে রূপান্তর করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এ গণশুনানির মাধ্যমে পাওয়া মতামত ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”




