দেবাশীষ মন্ডল আশীষ, নেছারাবাদ (পিরোজপুর):
পিরোজপুরের নেছারাবাদে জন্মগতভাবে দুই পা ও একটি হাতবিহীন এক নবজাতককে ঘিরে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত তৈরি হয়েছে। অসহায় এই শিশুটির পাশে দাঁড়িয়েছেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি। সোশ্যাল মিডিয়ায় মিরাজ আফ্রিদির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভিন্ন পোস্ট দিয়েছেন। জন্মের পরে শিশুটিকে নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি শিশুটির গ্রামের বাড়ি নাজিরপুরের কলারদোয়ানিয়া এলাকায় গিয়ে উপস্থিত হলে পুরো গ্রামজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এ সময় তিনি শিশুটিকে কোলে তুলে নিয়ে স্নেহে ভরিয়ে দেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও নিজের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন শিশুটির মা লিজা আক্তারকে।
জানা গেছে, গত ২২ এপ্রিল রাতে নেছারাবাদের মিয়ারহাট বন্দরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মের পর দেখা যায়, শিশুটি দুই পা ও একটি হাত ছাড়াই পৃথিবীর আলো দেখেছে। এ খবর পেয়ে তার পিতা দিনমজুর আল আমিন শিশুটিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং ফেলে আসার পরামর্শ দেন। তবে মায়ের মমতা আর ভালোবাসার কাছে হার মানে সব নিষ্ঠুরতা। মা লিজা আক্তার দৃঢ়ভাবে স্বামীর সেই নির্দেশ প্রত্যাখ্যান করে নবজাতককে বুকে নিয়েই বাড়ি ফেরেন। তার এই সাহসিকতা ও মানবিকতা ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এ ঘটনায় মানবিকতার আরেক দৃষ্টান্ত স্থাপন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মোস্তফা সিজারিয়ান অপারেশনসহ সব চিকিৎসা ব্যয় মওকুফ করেন। একই সঙ্গে অপারেশন পরিচালনাকারী চিকিৎসক ডা. প্রীতিষ বিশ্বাসও তার সার্জন ফি নেননি।
নবজাতকের মা লিজা আক্তার জানান, আমার সন্তান স্বাভাবিকভাবে জন্মায়নি বলে তার বাবা তাকে ফেলে দিতে বলেছিল। কিন্তু আমি আমার সন্তানকে কখনো ছেড়ে দেব না। আমি তাকে মানুষ করে তুলব, ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, আমি ভাবতেই পারিনি এত মানুষ আমাদের পাশে দাঁড়াবে। বিশেষ করে মিরাজ আফ্রিদি ভাই আসবেন এটা আমার জন্য অনেক বড় সাহসের জায়গা তৈরি করেছে।
সমাজের বিত্তবান ও মানবিক মানুষরা এগিয়ে এলে এই শিশুটির ভবিষ্যৎ নিরাপদ করা সম্ভব। একটি ছোট সহযোগিতাই বদলে দিতে পারে তার জীবনের গল্প। এই মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধ জাগ্রত করবে এমনটাই প্রত্যাশা সবার।




