রিপ্রেজেন্টিভ রিপোর্টার:
পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. আবু সাঈদ এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে মোট ১৬৮টি কেন্দ্রের ফলাফল গণনা করা হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী আলমগীর হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট।
পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে ১৬৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত–সমর্থিত স্বতন্ত্র প্রার্থী শামীম সাঈদী। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।
অন্যদিকে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি প্রার্থী মো. রুহুল আমিন দুলাল পেয়েছেন ৬৩ হাজার ৭৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজী পেয়েছেন ৩৫ হাজার ৯৬৮টি ভোট।
জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং গণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত ফলাফল গেজেট প্রকাশের মাধ্যমে জানানো হবে।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




